দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের পাঁচটি ঘর ও চারটি গরু পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় তার স্ত্রী আজিজা বেগমসহ পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন। রাতের আঁধারে হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে তারা বিষয়টি টের পান।
পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। এছাড়া একটি রান্নাঘর, তিনটি বসতঘর এবং ঘরের সব আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘরে মজুত থাকা প্রায় ২২ মণ ধান, ৪ মণ সরিষা ও আলুসহ বিভিন্ন খাদ্যশস্যও পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজিজা বেগম বলেন, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। কষ্ট করে গড়া সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।
উলিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
জে আই